১ টা ডিম দিয়ে তুলতুলে রিচ ময়েস্ট চকোলেট কেক বানিয়ে ফেলুন। চকলেট কেক সবার কাছে একটি অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় খাবার। ছোটদের যেমন চকলেট কেক ভীষণ পছন্দ, তেমনি বড়রাও এই কেকের স্বাদ উপভোগ করে। নরম, ময়েস্ট ও গাঢ় চকলেটের স্বাদে ভরা একটি চকলেট কেক যে কাউকে মুহূর্তেই আনন্দিত করে তুলতে পারে। জন্মদিন, বিবাহবার্ষিকী, পার্টি কিংবা যেকোনো বিশেষ অনুষ্ঠানে চকলেট কেক থাকলে আনন্দ আরও বেড়ে যায়।
উপকরন-
১।ডিম – ১ টা মাঝারি সাইজের
২।তেল/ গলানো বাটার – ১/৪ কাপ
৩। চিনি – ১/২ কাপ
৪। উষ্ণ পানি – ১/২ কাপ
৫। বাটার মিল্ক – ১/৪ কাপ
৬। ময়দা – ৩/৪ কাপ
৭। কোকো পাওডার – ১/৪ কাপ
৮। বেকিং পাউডার – ১ চা চামচ
৯। বেকিং সোডা – ১/৪ চা চামচ
১০। লবন – ১/৮ চা চামচ
১১। কফি সিরাপ বানাতে লাগবে :
১।গরম পানি – ১/৩ কাপ
২। চিনি – ২ টেবিল চামচ
৩। কফি – ২ চা চামচ
প্রনালি-
প্রথমে কফি সিরাপ তৈরি করে নিতে হবে। একটি বাটিতে ১/৩ কাপ গরম পানি, ২ টেবিল চামচ চিনি ও ২ চা চামচ কফি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। এরপর সিরাপটি ঠান্ডা হতে রেখে দিন। এবার একটি বড় বাটিতে ১টি মাঝারি সাইজের ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এতে ১/২ কাপ চিনি যোগ করে হালকা ও ফ্যাকাশে হওয়া পর্যন্ত বিট করুন। তারপর ১/৪ কাপ তেল বা গলানো বাটার দিয়ে ভালোভাবে মেশান। এর মধ্যে ১/৪ কাপ বাটার মিল্ক, ১/২ কাপ উষ্ণ পানি ও আগে তৈরি করা কফি সিরাপ ঢেলে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন।
এখন আলাদা একটি বাটিতে ময়দা ৩/৪ কাপ, কোকো পাউডার ১/৪ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা ১/৪ চা চামচ এবং লবণ ১/৮ চা চামচ একসাথে ছেঁকে নিন। ছাঁকা শুকনো উপকরণগুলো ধীরে ধীরে তরল মিশ্রণের মধ্যে যোগ করুন এবং স্প্যাচুলা বা হুইস্ক দিয়ে হালকা হাতে মেশান। খেয়াল রাখবেন, ব্যাটার বেশি নাড়াচাড়া করা যাবে না। ব্যাটার সামান্য পাতলা হবে, এতে কেক আরও ময়েস্ট হবে।
এরপর কেক টিনে তেল ও ময়দা ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। ওভেনে বেক করতে চাইলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রি-হিট করে ৩০–৩৫ মিনিট বেক করুন। আর কড়াইয়ে করতে চাইলে বড় কড়াইয়ে লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে ১০ মিনিট গরম করে নিন, তারপর কেক টিন বসিয়ে মাঝারি-কম আঁচে ৪৫–৫০ মিনিট ঢেকে রান্না করুন। টুথপিক ঢুকিয়ে পরিষ্কার বের হলে কেক হয়ে গেছে। ঠান্ডা হলে কেক ছাঁচ থেকে বের করে পরিবেশন করুন।
-বিথী রানী মণ্ডল










