গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির আহ্বানে গাজীপুরে এলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এসময় তিনি স্কুলকলেজের শিক্ষার্থী ও স্থানীয় ক্রিকেটারদের ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যৎ ক্রীড়া উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পিটিআই অডিটোরিয়ামে ‘গাজীপুরের ভবিষ্যৎ ক্রীড়া কেমন হবে’- শীর্ষক ব্যানারে আয়োজিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত হন তামিম ইকবাল।
সেমিনারে গাজীপুরের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে তা বিস্তারিতভাবে জানান। পাশাপাশি খেলাধুলাকে কীভাবে আরও সমৃদ্ধ ও গতিশীল করা যায় সে বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন।
পরে এসব প্রশ্ন ও প্রস্তাবের জবাব দেন তামিম ইকবাল। এসময় তিনি সমস্যাগুলো সমাধানে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা জাতীয় দল বা ভালো লিগে খেলার সুযোগ পাচ্ছে না। এজন্যই তাদের সমস্যার কথা শোনা এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য তামিম ইকবালকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে খেলার মাঠের উন্নয়ন, স্কুলে স্কুলে ক্লাব গঠন এবং নিয়মিত লিগ আয়োজনের ব্যবস্থা করে দেব।
ক্রিকেটার তামিম ইকবাল বলেন, রনি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ২০১৩ সাল থেকে। তিনি আমার কাছে একই সঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক সুখ-দুঃখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ পরিচালনা করেছেন, তার দলে জাতীয় দলের অনেক খেলোয়াড় খেলেছেন। একদিন তিনি বললেন, গাজীপুরের ক্রীড়ার অবস্থা খুবই খারাপ। এজন্যই আজ আপনাদের মাঝে আসা। আমি আশাবাদী, আজ খেলাধুলা নিয়ে আপনারা যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন, রনি ভাই সেগুলো পূরণ করবেন।
-সাইমুন










