হাসনাতের আসনে মঞ্জুরুলের রিট খারিজ, কুমিল্লা–৪ আসনে লড়তে পারছেন না বিএনপি প্রার্থী

প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঞ্জুরুল আহসানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

আপিল আবেদনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী তাঁর হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

 

-মামুন