শেহনাজের পরকীয়া দর্শন ঘিরে তোলপাড় নেট দুনিয়ায়

‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল ফের একবার খবরের শিরোনামে এসেছে, তবে এবার প্রশংসার বদলে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে সম্পর্ক, প্রতারণা বা পরকীয়া নিয়ে শেহনাজের মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে শেহনাজ বলেন, “সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল আমরা শুনি যে বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন।”

তিনি আরও বলেন, “মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সে যখন ভুল করবে, তখন নিজেই একদিন বুঝবে যে সে ভুল করছে। তার ভেতরেও তো মন আছে, সে ঠিকই অপরাধবোধে ভুগবে।”

শেহনাজের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তোলপাড় শুরু করেছেন। অনেকেই মন্তব্যটি পরকীয়া বা প্রতারণাকে স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে দেখছেন, যা আধুনিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। একজন লিখেছেন, “শেহনাজ কী বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে? জীবন কোনো সিনেমা বা সিরিয়াল নয়।”

অন্যদিকে কিছু অনুরাগী মনে করেন, তিনি হয়তো অন্য প্রেক্ষাপটে কথাটি বলতে চেয়েছেন। তবে অধিকাংশের মতে, একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে শেহনাজকে এমন স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

‘বিগ বস ১৩’-এর মাধ্যমে খ্যাতি পাওয়া শেহনাজ এর আগেও বিভিন্ন মন্তব্যের জন্য চর্চায় এসেছেন। তবে এবারের পরকীয়া সংক্রান্ত দর্শন তাকে নতুন বিতর্কের মুখে ফেলেছে। আপাতত নেট দুনিয়ায় শেহনাজ গিলের এই ভিডিও ঘিরে বিতর্কের আগুন নেভার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বিতর্ক তার কেরিয়ারে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

-বিথী রানী মণ্ডল