স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও কেন্দ্র দখল হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাঠ প্রশাসন দায়িত্ব পালনে দৃশ্যমান থাকবে এবং ভোট কারচুপি বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই।”
তিনি আরও জানান, আসন্ন নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। উত্তরের সীমান্ত এলাকাতেও সুষ্ঠু নির্বাচনের জন্য বাড়তি সতর্ক ব্যবস্থা থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ বিভাগের আট জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, পুলিশ সুপার, ওসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
-এমইউএম










