সাংবাদিকদের উপর হামলায় ডুজার উদ্বেগ

ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচার দাবিতে আয়োজিত আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলারা হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডুজার দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য সংবিধান পরিপন্থি ও উদ্দেশ্যমূলকভাবে যুগান্তরের সাংবাদিক আবু সালেহ মুসাসহ একাধিক সাংবাদিকদের আক্রমণ করে আহত করে, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয় এবং সাংবাদিকদের সরঞ্জামাদি ভাঙচুর করে।

এতে আরও বলা হয়, সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলা ও পেশাগত কাজে বাধা তৈরি করাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি হুমকি মনে করছে।

হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই উদ্দেশ্যপ্রণোদিত ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে এই হামলা ও স্বাধীন সাংবাদিকতায় বাধা প্রদানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

-বেলাল হোসেন