হল দখলের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিলে পতনের যাত্রা শুরু হবে: আশিকুর রহমান

হল দখলের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিলে সেখান থেকেই পতনের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আশিকুর রহমান (কাজী আশিক)। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হলের কক্ষ দখলের ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ছাত্রদলের নেতাদের উদ্দেশে পরামর্শ দেন, কুবির হলে রুম দখলের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি সতর্ক করে বলেন, কুবির মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যদি চলমান (রানিং) শিক্ষার্থীদের অধিকার হরণ করে হল দখলের কোনো ইচ্ছা থেকে থাকে, তবে সে ধরনের চিন্তা পরিহার করা উচিত। আপনাদের ভালোর জন্যই বলছি উল্লেখ করে তিনি বলেন, হল দখলের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিলে সেখান থেকেই পতনের যাত্রা শুরু হবে।
আশিকুর রহমান আরও বলেন, জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীরা অনেক ত্যাগের বিনিময়ে হলে বৈধ সিটের অধিকার ফিরে পেয়েছে এবং কেউ এই অধিকার খর্ব করতে পারবে না।
তিনি দাবি করেন, হলের সিট সম্পূর্ণভাবে প্রশাসনিক প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রভাবমুক্ত ও নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রাপ্য শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত চলমান শিক্ষার্থীদের বাইরে অন্য কেউ হলে সিট দখল করে থাকতে পারবেন না।
-বেলাল