সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে নিজের সক্ষমতার প্রমাণ দিলেও চলমান অদম্য কাপে তাকে দেখা যায়নি। মূলত জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
তবে টুর্নামেন্টে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই মাহমুদউল্লাহর। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনায় থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ একটি জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি জানি না জীবন কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সবকিছু নির্ভর করছে শরীর, ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, তখন আর খেলব না। যতদিন আছে, খেলে যাব।”
খেলার ধারাবাহিকতা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, “অনেক কিছুর ওপর নির্ভর করে, এখনই কিছু বলা সম্ভব নয়। আল্লাহর রহমতে ১৮ বছর বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ কিংবা যদি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই—আমি ক্রিকেট উপভোগ করছি। আলহামদুলিল্লাহ।”
-এমইউএম










