নবম পে স্কেলের দাবিতে ‘ভুখা মিছিল’

নবম পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশের বাধা ও জলকামান উপেক্ষা করে হাজার হাজার কর্মচারী এই নজিরবিহীন কর্মসূচিতে অংশ নেন।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। সেখান থেকে ভুখা মিছিল নিয়ে তারা শাহবাগ অভিমুখে রওনা হন। মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে কর্মচারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। প্রথমে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিলেও পরে ব্যারিকেড সরিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গিয়ে বসে পড়েন।

আন্দোলনরত কর্মচারীদের প্রধান দাবিগুলো হলো: অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ। এই পে স্কেল চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করা। জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ।

কর্মচারী নেতারা জানিয়েছেন, গত তিনদিন ধরে তারা দুই ঘণ্টা এবং বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সরকার থেকে কোনো কার্যকর আশ্বাস না পাওয়ায় তারা আজ (৬ ফেব্রুয়ারি) রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

বর্তমানে যমুনার সামনে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কর্মচারীরা সেখানে স্লোগান দিচ্ছেন এবং থালা-বাটি বাজিয়ে তাদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিন্টো রোড ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে আলোচনার চেষ্টা করছেন বলে জানা গেছে।

লামিয়া আক্তার