মাঘের শেষ দিকে এসে দেশের চার জেলায় জেঁকে বসেছে শীত। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে স্বস্তির খবর হলো, চলতি সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের পর সারা দেশেই তাপমাত্রা আরও বাড়বে এবং শীতের প্রকোপ ধীরে ধীরে কমে আসবে।
–লামিয়া আক্তার










