জবির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬’। কেন্দ্রীয় ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জবির বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ। তিনি বলেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কর্মসূচিতে তার সন্তান শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের শিক্ষক ড. ওয়ারেসুল করিম বলেন, তরুণদের আশপাশে থাকা বিভিন্ন রিসোর্স শিক্ষক, সহপাঠী কিংবা লাইব্রেরি সঠিকভাবে কাজে লাগাতে পারলে লক্ষ্য অর্জন সহজ হয়। একই সঙ্গে তিনি মা-বাবার স্বপ্ন পূরণ ও মানবকল্যাণে আত্মনিয়োগের ওপর গুরুত্ব দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো জাতীয় ও সামাজিক সমস্যা সমাধানে তরুণদের সম্পৃক্ত করা, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করা এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরা।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইয়ুথ আইডিয়া কনটেস্টের আয়োজন করা হয়েছে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

সাবরিনা রিমি/