অর্থকষ্ট পেরিয়ে আন্তর্জাতিক সার্ফিংয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইউনুস হোসেন

কক্সবাজারের তরুণ সার্ফার ইউনুস হোসেন মালয়েশিয়ার টিওমান দ্বীপে অনুষ্ঠিত ‘টিওমান সারফেস্ট ২০২৬’-এ লাল-সবুজের পতাকা উড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। বিশ্বের সেরা সার্ফারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দাপট বজায় রাখেন এবং সেমিফাইনালের এলিমিনেশন রাউন্ডে পৌঁছে শেষ মুহূর্তে সামান্য পয়েন্টের ব্যবধানে চূড়ান্ত জয় হাতছাড়া করেন।

তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও অর্থকষ্টের গল্প। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় ছিলেন ইউনুস। কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন করতে হয় তাকে। পরে সাধারণ মানুষ, নেটিজেন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করে মালয়েশিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হন।

ইউনুস হোসেন ২০০৯ সালে কক্সবাজারের ঢেউয়ের সঙ্গে সার্ফিং যাত্রা শুরু করেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে ২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়ন এবং ২০২১ সালে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। প্রতিকূল আবহাওয়া, বিশাল ঢেউ এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তার এই পারফরম্যান্স বাংলাদেশের সার্ফিং সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে।

প্রতিযোগিতা শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনুস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরাটাই আমার সবচেয়ে বড় অর্জন। আপনাদের দোয়া ও সমর্থনে ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেখাব।”

তার শুভানুধ্যায়ীদের মতে সঠিক পৃষ্ঠপোষকতা ও সমর্থন পেলে ইউনুস হোসেনের মতো বাংলাদেশি সার্ফাররা আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

সাবরিনা রিমি/