নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সুযোগ: আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো নেদারল্যান্ডসের বিখ্যাত ‘হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস’। প্রতিষ্ঠানটি তাদের ‘হান ইউনিভার্সিটি স্কলারশিপ-২০২৬’-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিশেষ বৃত্তির সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ ইউরোপের বাইরের যেকোনো দেশের শিক্ষার্থীরা আগামী ১ মে ২০২৬ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপের আর্থিক সুবিধা

ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এই স্কলারশিপটি মূলত মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়। এর আওতায় আর্থিক সুবিধার চিত্রটি নিম্নরূপ:

  • প্রাথমিক সহায়তা: প্রথম বর্ষের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ২,৫০০ ইউরো করে মোট ৫,০০০ ইউরো প্রদান করা হবে।

  • বার্ষিক সহায়তা: পরবর্তী বছরগুলোতে শিক্ষার্থীরা প্রতি বছর ২,৫০০ ইউরো করে বৃত্তি পাবেন।

  • শর্ত: বৃত্তিটি সচল রাখতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষাবর্ষে ন্যূনতম ৪৫ ক্রেডিট অর্জন করতে হবে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই নন-ইউরোপীয় দেশের নাগরিক হতে হবে।

  • পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।

  • ইংরেজি ভাষার দক্ষতা: আইইএলটিএস (IELTS) স্কোর ন্যূনতম ৬.৫ অথবা টোফেল (TOEFL) স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন এবং পর্যায়ভিত্তিক: ১. ভর্তি: প্রথমেই হান বিশ্ববিদ্যালয়ে পছন্দের যেকোনো স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। ২. ই-মেইল আমন্ত্রণ: ভর্তির প্রাথমিক প্রক্রিয়া শেষ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীকে স্কলারশিপে আবেদনের জন্য একটি ই-মেইল পাঠাবে। ৩. প্রয়োজনীয় নথিপত্র: আবেদনকারীকে একটি শক্তিশালী মোটিভেশনাল লেটার (যেখানে উল্লেখ থাকবে হান বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি কীভাবে সফল মানুষ হবেন), একটি হালনাগাদ সিভি (CV) এবং তিন মিনিটের একটি সংক্ষিপ্ত ভিডিও আপলোড করতে হবে। ৪. ভিডিওর বিষয়বস্তু: ভিডিওতে নিজের পরিচয় এবং বিশেষ দক্ষতাগুলো তুলে ধরতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মে ২০২৬।

লামিয়া আক্তার