পুরান ঢাকার সরু গলি, ঐতিহাসিক স্থাপত্য আর জিভে জল আনা খাবারের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সস্ত্রীক এই ঐতিহ্যবাহী এলাকা সফর করেন তিনি। রিকশায় চড়ে ব্যস্ত রাস্তা ঘোরা থেকে শুরু করে স্থানীয় আতিথেয়তা-সব মিলিয়ে দিনটি ছিল তার জন্য রোমাঞ্চকর।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সফরের মূল আকর্ষণ ছিল লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শন। এই ঐতিহাসিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (AFCP)-এর অর্থায়নে সংস্কার করা হয়েছে। ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, “২০২১ সালে আমার পূর্বসূরি আর্ল মিলার এই স্থানটিকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মনোনীত করেছিলেন। এটি আমাদের কাজের একটি দারুণ উদাহরণ। সংস্কারের পর জায়গাটি এখন সত্যিই সুন্দর দেখাচ্ছে।”
লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে পুরান ঢাকার ঘিঞ্জি গলিগুলো ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানও পরিদর্শন করেন। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে তিনি বলেন, “আবার এখানে ফিরে আসতে পেরে এবং এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লেগেছে।”
সফর শেষে পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ খাবারের স্বাদ নিতে ভোলেননি ক্রিস্টেনসেন দম্পতি। মার্কিন দূতাবাসের বার্তায় জানানো হয়, তারা দুপুরের খাবারে পুরান ঢাকার বিখ্যাত সুস্বাদু বিরিয়ানি এবং ধোঁয়া ওঠা মসলা চা উপভোগ করেছেন।
নিজের সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে রাষ্ট্রদূত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তার গভীর অনুরাগের কথা ব্যক্ত করেন।
–লামিয়া আক্তার










