ভোটের মাঠে নারী হেনস্তায় প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদ জানিয়ে বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা ইউটার্ন প্রদক্ষিণ করে পুনরায় ধুনট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলা সুলতানা ইয়াসমিন বলেন, ভয়ভীতি দেখিয়ে নারীদের আন্দোলন থামানো যাবে না। তিনি প্রশাসনের প্রতি স্পষ্ট দাবি জানিয়ে বলেন, নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে পুনরায় রাজপথে নেমে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা হলে তার দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা। তিনি বলেন, দেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা এখন সচেতন ও জেগে উঠেছে। নারীদের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও প্রতিবন্ধকতা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ফিরে যাবে বলে তিনি মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই শেরপুরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

শফিকুল ইসলাম বাবলু, বগুড়া/