সিলেট রেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুলাউড়া সার্কেল ও কুলাউড়া থানা। রেঞ্জের সাম্প্রতিক মাসিক মূল্যায়নে শ্রেষ্ঠত্বের একাধিক শীর্ষ পদক অর্জন করেছে তারা।
সম্প্রতি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল অফিসার’ হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যা ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’-এর সম্মাননা অর্জন করেছেন।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতেও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে কুলাউড়া। সামগ্রিক কার্যক্রম, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অপরাধীদের গ্রেপ্তার এবং জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক তৈরির স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে কুলাউড়া সার্কেল এবং ‘শ্রেষ্ঠ থানা’ হিসেবে কুলাউড়া থানা নির্বাচিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্যের পেছনে কুলাউড়া সার্কেল ও থানার সকল পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, পেশাদার দায়িত্ববোধ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কুলাউড়া পুলিশের এই অভাবনীয় সাফল্যে স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। বিশিষ্টজনেরা বলছেন, পুলিশের এই অর্জন কুলাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভরসার জায়গা আরও প্রশস্ত হবে।
সিলেট রেঞ্জের এই রাষ্ট্রীয় স্বীকৃতি কুলাউড়া পুলিশের ইতিহাসে একটি গর্বের অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
-মো. আব্দুল কালাম, কুলাউড়া (মৌলভীবাজার)










