ভাগ্য পরিবর্তনে জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান প্রিন্সের

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি ফুটলে বাংলাদেশ হাসবে। দেশের কৃষক, শ্রমিক, জেলে, দিনমজুর, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত ও তাদের দুঃখ মোচন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নসহ পৃথক পৃথক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন প্রিন্স।

সমাবেশে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, দীর্ঘদিন ধরে হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। ভাঙা সড়ক, সীমান্ত এলাকার সমস্যা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং কর্মসংস্থানের অভাব এই অঞ্চলের মানুষের নিত্যদিনের কষ্ট। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি মানবিক, উৎপাদনমুখী ও কর্মসংস্থানভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

প্রিন্স বলেন, ধানের শীষ প্রতীকে ভোট মানে ন্যায়বিচার, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ভোট। হালুয়াঘাট-ধোবাউড়ার মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি সংসদে এই এলাকার কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো এবং কথা নয়-কাজের মাধ্যমে আপনাদের আস্থা প্রমাণ করব। জনগণকে তাঁদের ভাগ্য পরিবর্তনের জন্যই ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

-সাইমুন