প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অঙ্গীকার সৌদি-তুরস্কের

প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সৌদি সফর শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের এই সহযোগিতা পারস্পরিক স্বার্থ রক্ষা করবে এবং বহুপক্ষীয় কাঠামোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখবে। প্রতিরক্ষা খাতে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

মঙ্গলবার রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিস্তৃত বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠকে দুই নেতা ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং সব ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

যৌথ বিবৃতিতে অপরাধ দমন, চরমপন্থা ও সন্ত্রাসবাদ এবং এর অর্থায়ন প্রতিরোধ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং সাইবার নিরাপত্তায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।

দুই দেশ অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের অগ্রগতির প্রশংসা করে এবং সৌদি ভিশন ২০৩০ ও ‘সেঞ্চুরি অব তুর্কিয়ে’ ভিশনের আওতায় বিনিয়োগ সুযোগ কাজে লাগানোর বিষয়ে একমত হয়। জিসিসি ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার ওপরও জোর দেওয়া হয়।

সৌদি পক্ষ তুরস্কে তাদের বিনিয়োগের প্রশংসা করে, বিশেষ করে আর্থিক খাত, নবায়নযোগ্য জ্বালানি, রিয়েল এস্টেট ও উৎপাদন শিল্পে। একই সঙ্গে সৌদি আরবে কার্যরত তুর্কি কোম্পানিগুলোর অবদানও স্বীকৃতি দেওয়া হয়।

জ্বালানি খাতে দুই দেশ বৈশ্বিক তেলবাজারে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে এবং তেল, পেট্রো কেমিক্যাল ও কৃষি পুষ্টি খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ, ক্লিন হাইড্রোজেন উৎপাদন ও পরিবহন প্রযুক্তিতে যৌথ কাজের আগ্রহও প্রকাশ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অনুসন্ধান ও প্রক্রিয়াজাতে সহযোগিতা জোরদারের কথা বলা হয়।

দুই দেশ গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং অবরোধ তুলে নিয়ে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানায়। ইয়েমেনের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করা হয়।

সৌদি আরব ও তুরস্ক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সমন্বয় জোরদারের অঙ্গীকার করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেয়।

-সাইমুন