জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে  সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘রিভাইটালাইজিং লাইব্রেরিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৬টি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বিএএলআইডির চেয়ারম্যান ও ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টারের (ইউএনআইসি) সাবেক কান্ট্রি হেড ড. মো. মনিরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মধ্যে গ্রন্থাগারমুখী চর্চা বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং আধুনিক জ্ঞানচর্চায় গ্রন্থাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন প্রমুখ।

– বেলাল হোসেন