ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে। এ প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ এরশাদ খানকে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচার উপ-কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। একসময় ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন তিনি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এরশাদ খান সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত একটি টিমের নেতৃত্ব দেবেন। এই টিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করবে।
টিমের নেতৃত্ব দেবেন এরশাদ খান (সমন্বয়ক)। বাকিরা হলেন, আহসান হাবিব(সদস্য), ফরহাদ উল্লাহ (সদস্য), মীর ইরাফান সাঈদ (সদস্য), মোশারফ হোসেন (সদস্য), এক এম আয়াজ আহমেদ নেহাল (সদস্য), মেহেদী হাসান, পারভেজ হাসান, ইমতিয়াজ হাসান ও রাহি।
দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে বৃহস্পতিবার ভাষানটেক, ইসিবি ও ক্যান্টনমেন্ট এলাকায় তারেক রহমানের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালান এরশাদ খান। তার নেতৃত্বে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ পুরো এলাকায় সংগঠিতভাবে প্রচার চালান। এ সময় তারা ভোটারদের কাছে তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন।

প্রচারকালে এরশাদ খান বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করবে।” তিনি আরও বলেন, দল যে আস্থা রেখে তাকে দায়িত্ব দিয়েছে, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তার ভাষায়, ঢাকা-১৭ আসনের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও পরিবর্তনের পক্ষে রয়েছে এবং সেই বার্তাই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

তিনি জানান, ছাত্রদল নেতাকর্মীদের সাংগঠনিক অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যমকে কাজে লাগিয়ে একটি শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর প্রচার কাঠামো গড়ে তোলা হবে।
দলীয় সূত্র জানায়, প্রচার টিমে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা যুক্ত থাকবেন। লিফলেট বিতরণ, উঠান বৈঠক, ছোট পরিসরের সভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক বার্তা ও বিএনপির নির্বাচনী অবস্থান তুলে ধরা হবে। বিশেষভাবে তরুণ ভোটারদের সক্রিয় করতেই এই কৌশল নেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনের এক জ্যেষ্ঠ বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এরশাদ খান মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় একজন সংগঠক। ছাত্রদল থেকে উঠে এসে তিনি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে প্রচার কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
অন্যদিকে, স্থানীয় এক ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে সংগঠিত প্রচারের অভাব ছিল। ছাত্রদলনির্ভর একটি টিম মাঠে নামায় ঘরে ঘরে দলের বার্তা পৌঁছানো সহজ হবে এবং এতে ভোটারদের আগ্রহ বাড়বে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৭ আসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে পরিকল্পিত প্রচার এবং তৃণমূলভিত্তিক সংযোগ নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সে বিবেচনায় এরশাদ খানের মতো মাঠপর্যায়ের সংগঠকের দায়িত্ব পাওয়া বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সব মিলিয়ে, ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচার কমিটির সমন্বয়ক হিসেবে এরশাদ খানের দায়িত্ব গ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।
-মীর মোমিন










