হাইকোর্ট ও আপিল বিভাগ প্রশাসনে রদবদল

সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পদসহ বেশ কিছু পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ ও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণ-কে হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান-কে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বর্তমান রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন-কে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে এবং রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞা-কে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার পদেও পরিবর্তন আনা হয়েছে। জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবির-কে আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান-কে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, বিচার বিভাগের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা এবং নিয়মিত রদবদলের অংশ হিসেবেই প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ ও বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

লামিয়া আক্তার