আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের তথাকথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশ করেছে ইউক্রেনের সরকারি ওয়েবসাইট মিরোৎভোরেৎস, যেখানে ইউক্রেনের শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের নাম, পরিচয় ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হয়।
মিরোৎভোরেৎসের তথ্যমতে, রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইনফান্তিনো ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসনে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি বিভিন্নভাবে রাশিয়ার প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গিয়ান্নি ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আন্তর্জাতিক ফুটবলের সব আসর থেকে রাশিয়ার দলকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি; বরং আন্তর্জাতিক ফুটবলে হতাশা ও ঘৃণা বেড়েছে।
এই মন্তব্যের পর ইউক্রেনীয় রাজনীতিবিদদের তীব্র সমালোচনার মুখে পড়েন ফিফা প্রেসিডেন্ট। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা বলেন, “ফিফার প্রেসিডেন্ট নৈতিক আদর্শচ্যুত হয়েছেন।”
ফিফা প্রেসিডেন্টের নাম মিরোৎভোরেৎসের তালিকায় যুক্ত হওয়ায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র: আরটি










