আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে বিসিবি তাদের নির্ধারিত সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবলেও বাংলাদেশের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। বরং আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
দুটি অ্যাসোসিয়েশনই ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আটটি পিচ থাকায় বাড়তি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে ইতোমধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি ম্যাচ নির্ধারিত রয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলার সূচি রয়েছে।
-মীর মোমিন










