গণভোট ও সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জাসদের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নেতারা বলেছেন, অসাংবিধানিক গণভোট ও একতরফা, একপাক্ষিক সংসদ নির্বাচনে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না। সে কারণেই জাসদ এই গণভোট ও সংসদ নির্বাচন বর্জন করেছে। জনগণকেও বর্জনের আহ্বান জানাচ্ছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ আয়োজিত এক স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি যশোরে নিজ বাসভবনে রাজনৈতিক গুপ্তহত্যার শিকার জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ৫২তম হত্যা দিবস উপলক্ষে এই স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নেতারা বলেন, বাংলাদেশ আজ গভীর অন্ধকারের পতিত হয়েছে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির অতীতের সকল গৌরবোজ্জ্বল সংগ্রাম-ইতিহাস মুছে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের অভিযান চালাচ্ছে।

তারা বলেন, শহীদ অ্যাডভোকেট মোশাররফ হোসেন ষাটের দশকে ঘোর অন্ধকারে স্বাধীনতা সংগ্রামের মশাল জ্বালিয়েছিলেন। আজ তার শেখানো পথ ধরেই তেমন করেই স্বাধীনতা, গণতন্ত্র, মানবতাবাদ, সাম্যবাদ ও ধর্মনিরপেক্ষতার মশাল জ্বালাতে হবে। মবতন্ত্র, রাজাকারতন্ত্রকে দেশ থেকে তাড়িয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধার এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দীকে মুক্ত করতে হবে।

-সাইমুন