শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন স্পষ্ট করলেন নুসরাত ফারিয়া

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন অনেক পুরোনো। যদিও এ বিষয়ে আগে কখনো কথা বলেননি কেউ। দীর্ঘদিন নীরব থাকার পর শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নুসরাত ফারিয়া।

শাকিবের সঙ্গে নিজের নাম জড়িয়ে চলা আলোচনা নিয়ে স্পষ্ট ভাষায় ফারিয়া বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি-সবটাই কাজের জায়গা থেকেই।’

প্রায় পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘শাহেনশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর আর কোনো নতুন সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি। কেন এই জুটির পুনরাবৃত্তি হয়নি—এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।

ফারিয়া বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। তিনি বলেছিলেন, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন তিনি নতুনদের সঙ্গে কাজ করছেন। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

সাক্ষাৎকারে কারাগারে কাটানো সময়ের কথাও স্মরণ করেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘জেলখানায় সবাই আমার সঙ্গে যে সহানুভূতি আর ভালোবাসা দেখিয়েছে, তা আমি ভাবতেও পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা আমি না খেয়েই ছিলাম। দেখেছি, মানুষজন লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে রুটি ভেঙে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছিল। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তাও জানি না।

-সাইমুন