পিএসএলে নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। ৭ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। তবে আসন্ন আসরের নিলামের আগে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো, যা আগের মৌসুমে সর্বোচ্চ আটজন পর্যন্ত ছিল।

রিশাদ হোসেনের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে লাহোর। তবে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে দলটি।

এ ছাড়া পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস চার ক্রিকেটারকে ধরে রেখেছে। হাসান আলী, আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ এবং সাদ বেগকে রিটেইন করেছে তারা। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে করাচি।

কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। অন্যদিকে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আর পথ চলছে না দলটি।

এবারের পিএসএলে নতুন সংযোজন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনার জন্ম দিয়েছে দলটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছে তারা। এই প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন স্মিথ।

-সাইমুন