যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েভ ও ‘বিভিন্ন শহরে’ হামলা বন্ধে সম্মত হয়েছেন। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
ক্রেমলিন জানায়, এই যুদ্ধবিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে। তবে তাপমাত্রার সাথে এর কোন যোগসূত্র নেই। ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে গেছে।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো মঙ্গলবার টেলিগ্রামে বলেন, ‘প্রচণ্ড শীতের মধ্যে রাতে কিয়েভে আরেকটি বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।’
তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে অনুরোধ জানান। পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, এতে দুইজন আহত হয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও রুশ গোলাবর্ষণে দুইজন আহত হয়েছেন।
টেলিগ্রামে তিনি লেখেন, কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়। উদ্দেশ্য ছিল ‘সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো ও তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করে ফেলা।’
রাতে কিয়েভে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। খারকিভে তা নেমে যায় মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের চার বছর পূর্ণ হবে।
রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে।
ভূখণ্ড ইস্যুতে এখনো বড় অচলাবস্থা হয়ে আছে। কোনো পক্ষই আপসের ইঙ্গিত দেয়নি।
রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়। তবে কিয়েভ তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
-সাইমুন










