দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন, দীর্ঘমেয়াদি কোচিং পরিকল্পনা এবং খেলোয়াড় বিকাশ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বুধবার এক বিবৃতিতে সভার বিস্তারিত জানায় বিসিবি।
বিবৃতিতে বলা হয়, তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনার পাশাপাশি কার্যকারিতা মূল্যায়ন এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া পুনর্বিবেচনা ও বয়স যাচাই ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়।
সভায় কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়। যারা ধারাবাহিকভাবে খেলোয়াড় বিকাশে সফল হবেন, তাদের এই প্রণোদনার আওতায় আনার কথা বলা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়ের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির প্রয়োজনীয়তার কথা উঠে আসে, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স বিশ্লেষণে সহায়ক হবে।
এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো, পেশাগত উন্নয়ন এবং সুস্পষ্ট ক্যারিয়ার পথ নির্ধারণ নিয়েও আলোচনা হয়। কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম হালনাগাদের জন্য একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি আরও জানায়, অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাব এসেছে, যা দেশের সামগ্রিক ক্রিকেট উন্নয়ন কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।
সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালক, নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ, হাই-পারফরম্যান্স ইউনিট ও নারী ক্রিকেট বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
-এমইউএম










