ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘ MHDC DIALEXIS 1.0 ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ‘স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব’ চ্যাম্পিয়ন হয়েছে। ডিবেটার অব দ্যা ফাইনাল এবং ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের রিদওয়ান মুহসীন। প্রতিযোগিতার অন্য ফাইনালিস্ট ক্লাবগুলো হল- এথেনিয়াম ডিবেট ফোরাম (এডিএফ), বিতর্ক -একটি তার্কিক সংগঠন (বিইটিএস) ও শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব (এসএইচডিসি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাদ আরমান নাফিসের সভাপতিত্বে অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, হল ডিবেটিং ক্লাবের মডারেটর হারুন-অর রশিদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম, হল সংসদের ভিপি সাদিক হোসেন ও এজিএস আব্দুল মজিদ বক্তব্য রাখেন। হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
বেলাল হোসেন/










