সদ্য শেষ হওয়া ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬-এ সাধারণ প্যাভিলিয়ন বিভাগে প্রথম স্থান লাভ করেছে বাংলাদেশ জেল প্যাভিলিয়ন। দৃষ্টিনন্দন নকশা, সুবিন্যস্ত ব্যবস্থাপনা এবং বন্দীদের তৈরি পণ্যের মান ও বৈচিত্র্যকে সম্মান জানিয়ে মেলা কর্তৃপক্ষ এই পুরস্কার প্রদান করে।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মেছবাহুল আলম সেলিম।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দীদের তৈরি পণ্যের মাধ্যমে সাজানো কারা প্যাভিলিয়ন মেলার অন্যতম আকর্ষণ ছিল। এবার দেশের ৩৮টি কারাগারের বন্দীদের তৈরি ৪০২ প্রকার পণ্য প্রদর্শিত ও বিক্রি করা হয়। হস্তশিল্প ও কারুশিল্পসহ বিভিন্ন পণ্যে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়।
মেলা চলাকালে কারা প্যাভিলিয়ন থেকে মোট ৭০,২৮,৭০৩ টাকার পণ্য বিক্রি হয়, যা অতীতের তুলনায় সর্বোচ্চ। অনুষ্ঠানে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) এ কে এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২-এর সিনিয়র জেল সুপার আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফরিনা সুলতানা/










