নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ইলেকশন ল্যাব’ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগের এটি চালু করা হয়। এদিন, সকাল ১১টায় এটির উদ্বোন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী।
জানা যায়, নির্বাচন, ভোট আচরণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে কাজ করবে এই ল্যাব। উদ্বোধনকালে উপাচার্য বলেন, ইলেকশন ল্যাবের যাত্রা শুরুর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থীরা ইলেকশনের ডাটা কালেকশন, পর্যালোচনা করে উপকৃত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এ বছরের নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে তুলনামূলক ভালো হয়েছে। এই ইলেকশন ল্যাব দেশের পরবর্তী ইলেকশনগুলো আর ভালো করার জন্য ভূমিকা রাখবে বলে আশা করি। ইলেকশন ল্যাব উদ্বোধন সভার সভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুর রহমান বলেন, ‘বিভাগে প্রথমবারের মত ল্যাব উদ্বোধন একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে পারবে।’
ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, ‘এই ল্যাবের লক্ষ্য হলো নির্বাচনসংক্রান্ত তথ্য ও উপাত্তের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য গবেষণা ফলাফল উপস্থাপন করা এবং গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড.ফাহামিদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তারসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্বাগত বক্তব্য রাখেন ইলেকশন ল্যাবের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জায়েদা শারমিন ও অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
-বেলাল










