হাতের নখ ভেঙে গেলে কী করবেন, সহজ যত্নেই মিলবে সমাধান

হাতের নখ ভেঙে গেলে অনেকেই বিরক্ত হন, বিশেষ করে যখন নখ বড় করার চেষ্টা চলছিল। নখ ভাঙা শুধু সৌন্দর্যের সমস্যা নয়, অনেক সময় এটি শরীরের ভেতরের যত্নের ঘাটতির ইঙ্গিতও দেয়। তাই নখ ভেঙে গেলে তাৎক্ষণিক কিছু যত্ন নেওয়ার পাশাপাশি নিয়মিত অভ্যাস বদলানো জরুরি।

নখ ভাঙার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হলো ভাঙা অংশটি পরিষ্কার করে নেওয়া। হালকা কুসুম গরম পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে নিন, যাতে জীবাণু ঢোকার ঝুঁকি না থাকে। এরপর নখ ফাইল বা নেল কাটারের সাহায্যে ভাঙা জায়গাটি মসৃণ করে নিন। এতে নখ আরও ছড়িয়ে ভাঙবে না এবং কাপড়ে বা চুলে আটকে যাওয়ার সমস্যাও হবে না।

নখ শুষ্ক হয়ে গেলে সহজেই ভেঙে যায়। তাই নিয়মিত নখ ও নখের চারপাশে ময়েশ্চারাইজার বা নারকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে তেল ম্যাসাজ করলে নখ শক্ত ও নমনীয় থাকে। চাইলে ভিটামিন ই ক্যাপসুলের তেলও ব্যবহার করা যায়।

খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। নখ সুস্থ রাখতে প্রোটিন, বায়োটিন, ক্যালসিয়াম ও আয়রনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডিম, দুধ, শাকসবজি, বাদাম, ডাল ও ফল নিয়মিত খেলে নখ ভাঙার প্রবণতা কমে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান না করলে নখ শুষ্ক হয়ে যায়, তাই দিনে যথেষ্ট পানি পান করা দরকার।

বাসার কাজের সময় বা ডিটারজেন্ট ব্যবহার করলে নখ দ্রুত দুর্বল হয়। তাই থালা বাসন ধোয়া বা পরিষ্কারের সময় গ্লাভস ব্যবহার করা ভালো। অতিরিক্ত নেইল পলিশ রিমুভার বা কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারও কমাতে হবে।

বিথী রানী মণ্ডল/