দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ নং পালশা ইউনিয়নের আওতাধীন মাজিয়ান তালিমুল কুরআন ও কওমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাদ্রাসার শিক্ষক তোজাম্মেল কর্তৃক কয়েকজন ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযুক্ত শিক্ষকের বহিষ্কারের দাবি জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক তোজাম্মেলকে প্রাথমিকভাবে আটক করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
–সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)










