জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ২৯ শিক্ষার্থী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন অনুষদে অধ্যয়নরত ২৯ জন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগাঁও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ), জাপান প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। বৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থী বছরে ৩৮ হাজার টাকা করে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. জাহিদুল ইসলাম জানান, ২০১৬ সাল থেকে শেকৃবিতে এনইএফ বৃত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৯২ জন শিক্ষার্থী এই আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন।

তিনি আরও বলেন, শেকৃবি ছাড়াও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও আর্থিক অবস্থার ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচন করা হয়ে থাকে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন,‘যেকোনো বৃত্তি সম্মানের বিষয়। এনইএফ স্কলারশিপ একটি অত্যন্ত প্রেস্টিজিয়াস ও আন্তর্জাতিক মানের বৃত্তি।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে আরও মনোনিবেশ করবে এবং ভবিষ্যতে নিজেদের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সুনাম বাড়াবে।

-সাইমুন