ঢাবি ছাত্রদল নেতা শান্তের স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০ অর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোছাদ্দিক আল হক (শান্ত) স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছেন। স্নাতকোত্তরের ফলাফলে সিজিপিএ ৪-এর মধ্যে পূর্ণ সিজিপিএ–৪.০০ পেয়ে বিভাগের শীর্ষ মেধাবীদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। এর আগে স্নাতক পর্যায়েও তিনি সিজিপিএ–৩.৯৩ অর্জন করে ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেন।

জানা যায়, মোছাদ্দিক আল হক (শান্ত) ২০১৮–১৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ ও বৃত্তিসহ উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
সম্প্রতি প্রকাশিত স্নাতকোত্তরের ফলাফলে শান্তসহ বিভাগের মোট পাঁচজন শিক্ষার্থী সিজিপিএ–৪.০০ অর্জন করেছেন। এছাড়া স্নাতক পরীক্ষায় সিজিপিএ–৩.৯৩ পেয়ে তিনি বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মোছাদ্দিক আল হক (শান্ত) বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। আমি সবসময় লেখাপড়াকে প্রাধান্য দিয়ে জীবনের অন্যান্য দিক সামলানোর চেষ্টা করেছি। দেশের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে—সুযোগ পেলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে মেধাবী, সৎ ও দেশপ্রেমিক তরুণরাই আগামী দিনে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, “মোছাদ্দিক আল হক আমার বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তার এই অর্জনে আমরা গর্বিত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

শাহাদাত হোসেন, গাবতলী, বগুড়া।