ব্যবসা শুরু তামান্না ভাটিয়ার

ভারতের দক্ষিণী ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বরাবরই তার ফ্যাশন সচেতনতা এবং স্টাইল স্টেটমেন্টের জন্য প্রশংসিত। তবে এবার তিনি পর্দার গ্ল্যামার ছাড়িয়ে নাম লেখালেন উদ্যোক্তার খাতায়। দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে তিনি যাত্রা শুরু করেছেন তার নিজস্ব ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি এর মাধ্যমে।

তামান্না ভাটিয়া এই ব্র্যান্ডের শুধুমাত্র শুভেচ্ছাদূত নন, বরং তিনি এর ফাউন্ডার (প্রতিষ্ঠাতা) এবং ক্রিয়েটিভ লিড হিসেবেও কাজ করছেন। তার বাবা সন্তোষ ভাটিয়ার সাথে যৌথভাবে তিনি এই ব্যবসায়িক উদ্যোগটি গ্রহণ করেছেন। ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন এবং রিটেইল—সবকিছুই এই বাবা-মেয়ে জুটি সরাসরি তত্ত্বাবধান করছেন। মুম্বাইয়ের জুহুতে তাঁদের এই ব্র্যান্ডের বর্ণাঢ্য ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করা হয়েছে।

সাধারণত আমাদের সমাজে জুয়েলারি বা অলংকার বলতেই চোখের সামনে ভেসে ওঠে জমকালো বিয়ের সাজ কিংবা কোনো বড় উৎসব। তামান্না এই প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করতে চেয়েছেন। তার ব্র্যান্ডের মূল তত্ত্ব হলো ‘উৎসবের বাইরে’তামান্নার মতে, অলংকার পরার জন্য সবসময় কোনো বিশেষ দিনের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। তিনি এমন একটি ব্র্যান্ড তৈরি করতে চেয়েছেন যা প্রতিদিনের সাধারণ পোশাকের সাথেও অনায়াসে মানিয়ে যাবে।

তামান্না মনে করেন, জুয়েলারি কেবল একটি সাজসজ্জার বস্তু নয়; এটি একজন মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন। তিনি চান তার ডিজাইন করা গহনাগুলো যেন মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে এবং তা পরিধান করে একজন মানুষ নিজেকে সম্পূর্ণ অনুভব করেন। এই ব্র্যান্ডটি মূলত সেই সব মানুষদের জন্য যারা নিজের স্টাইলকে খুব একটা জটিল করতে চান না, অথচ ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত্য বজায় রাখতে পছন্দ করেন।

 

বিথী রানী মণ্ডল/