প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর প্রথমবার মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং

কিছুদিন আগেই হঠাৎ করে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছিলেন অরিজিৎ সিং। সেই ঘোষণার পর এই প্রথমবার মঞ্চে দেখা গেল তাকে। রবিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ সংগীতানুষ্ঠানে নিজের অনন্য পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন এই জনপ্রিয় গায়ক।

এদিন অরিজিতের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারবাদক আনুশকা শঙ্কর এবং প্রখ্যাত তবলা শিল্পী বিক্রম ঘোষ। ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও আধুনিক সংগীতের এক অনবদ্য মেলবন্ধন তৈরি হয় এই সন্ধ্যায়। অনুষ্ঠান শুরুর আগে বিক্রম ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করেন অরিজিৎ, যা দর্শকদের আবেগতাড়িত করে তোলে।

প্রথমে নিজের গাওয়া কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রের গানের অংশ পরিবেশন করে শ্রোতাদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি। এরপর আনুশকা শঙ্করের সেতারের মূর্ছনার সঙ্গে অরিজিতের সরগম ও বান্দিশে পুরো স্টেডিয়াম যেন এক সম্মোহনী আবহে ডুবে যায়। শাস্ত্রীয় সংগীতের প্রতি তার গভীর শ্রদ্ধা ও নিষ্ঠা এই পরিবেশনায় স্পষ্ট হয়ে ওঠে।

অরিজিতের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর মূল কারণ হলো নির্মাণকাজে পুরোপুরি মনোনিবেশ করার ইচ্ছা। ভবিষ্যতে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। ইতিমধ্যেই একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন অরিজিৎ। এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন তিনি এবং তার স্ত্রী কোয়েল সিং।

চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। বর্তমানে শান্তিনিকেতনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। সংগীতের জগৎ থেকে চলচ্চিত্র নির্মাণ—অরিজিৎ সিংয়ের এই নতুন যাত্রা নিয়ে আশাবাদী তার অনুরাগীরা।

-বিথী রানী মণ্ডল