ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ মামলায় ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় (২৯ জানুয়ারি) বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে জেলার ফতুল্লা থানাধীন এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রকাশ্যে মাদক সেবন এবং মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ০৭টি পৃথক মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্ত ০৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকার কিছু স্থানে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

কর্তৃপক্ষ জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কঠোর ব্যবস্থা এলাকায় মাদকের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

মাহমুদ কাওসার,নারায়ণগঞ্জ