বুধবার এনটিআরসিএ সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শূন্যপদে ১১ হাজার ৭১৩ জন নিবন্ধনধারী প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করার ঘোষণা দিয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে ‘৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’-এর ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মেধাক্রম ও প্রার্থীদের পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৭৪২ জন সুযোগ পেয়েছেন স্কুল ও কলেজে। এছাড়া মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন এবং কারিগরি প্রতিষ্ঠানে ৩৫৪ জনকে সুপারিশ করা হয়েছে। কারিগরি ও সাধারণ শিক্ষার বিভিন্ন সংযুক্ত প্রতিষ্ঠানে আরও ১ হাজার ৩৬২ জন প্রার্থীকে নিয়োগের তালিকায় রাখা হয়েছে। প্রার্থীরা এনটিআরসিএ-র নির্ধারিত ওয়েবসাইট ও টেলিটকের পোর্টাল থেকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারছেন।
এনটিআরসিএ জানায়, নতুন নিয়োগ বিধিমালার আলোকে সম্পূর্ণ প্রযুক্তিগত ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই সুপারিশ করা হয়েছে। নির্ধারিত গাইডলাইন মেনে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন হবে। এই বিশেষ নিয়োগের ফলে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মালিহা










