অস্ট্রেলিয়ান ওপেনে অপ্রত্যাশিত বিদায় শিয়াটেকের

অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক থেকে বিদায় নিয়েছেন ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী পোল্যান্ডের তারকা ইগা শিয়াটেক। মেলবোর্ন পার্কে বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের পঞ্চম বাছাই এলেনা রাইবাকিনার কাছে সরাসরি সেটে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছে বিশ্বের দুই নম্বর খেলোয়াড়ের।

প্রথম সেটে শিয়াটেক লড়াই করলেও শেষ পর্যন্ত ৭-৫ গেমে সেটটি নিজের করে নেন রাইবাকিনা। দ্বিতীয় সেটে একেবারেই আধিপত্য বিস্তার করেন তিনি। শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক রিটার্নে শিয়াটেককে কোনো সুযোগ না দিয়ে ৬-১ গেমে সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন কাজাখ এই তারকা।

এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রাইবাকিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন জেসিকা পেগুলা ও আমান্ডা আনিসিমোভার মধ্যকার ম্যাচের বিজয়ী।

-এমইউএম