স্বতন্ত্র প্রার্থী তাসনিম জাহারা: নতুন ধারার রাজনীতির বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তাসনিম জাহারা। প্রচলিত দলীয় রাজনীতির বাইরে থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাসনিম জাহারা নিজেকে একজন নাগরিক প্রতিনিধির ভূমিকায় উপস্থাপন করছেন।

তার ভাষায়, তিনি কোনো দলের হয়ে নয়, এলাকার সাধারণ মানুষের পক্ষে কথা বলতেই নির্বাচনে নেমেছেন। দুর্নীতিমুক্ত প্রশাসন, নাগরিক সেবা সহজীকরণ এবং তরুণদের কর্মসংস্থানকে তিনি তার মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরছেন।
নির্বাচনী মাঠে তাসনিম জাহারার উপস্থিতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে তরুণ ভোটারদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারণা, সরাসরি মানুষের সঙ্গে মতবিনিময় এবং ছোট পরিসরের পথসভা তার প্রচারের প্রধান কৌশল। এতে করে প্রচলিত বড় দলগুলোর প্রার্থীদের পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তিনি দৃশ্যমান অবস্থান তৈরি করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকায় স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আগ্রহ বাড়ার পেছনে ভোটারদের একাংশের হতাশা এবং বিকল্প নেতৃত্বের খোঁজ বড় ভূমিকা রাখছে। তাসনিম জাহারা সেই প্রবণতারই একটি উদাহরণ।
যদিও বড় দলগুলোর সাংগঠনিক শক্তির সঙ্গে লড়াই স্বতন্ত্র প্রার্থীদের জন্য কঠিন, তবুও ভোটের ফলাফলে তারা প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে তাসনিম জাহারা বলেন, জনগণ যদি সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব চায়, তাহলে স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ দেওয়াই একমাত্র পথ। তিনি শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন দেখতে চান।

_এজাজ আহম্মেদ/মামুন