কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ৫৬ বছরের ব্যর্থ রাজনীতির পর রক্ত ও জীবনের বিনিময়ে দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য জেগে উঠেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিবর্তনের যে ঢেউ তৈরি হয়েছে, তা রক্ষা করতে হবে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান
ডা. তাহের বলেন, “কোনো সরকারের সময়েই দুর্নীতি কমেনি। আমরা এখন যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যদি আবারও দুর্নীতি ও নৈরাজ্য চাই, তাহলে তাদের ভোট দিতে পারি। আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাই, তাহলে আজকে যে ১১ দলীয় জোট তৈরি হয়েছে, তাদের ভোট দিতে হবে।”
প্রতিশোধের রাজনীতি চান না
হামলা-মামলার কথা স্মরণ করে তিনি বলেন, “২০২৪ সালের ২২ জুলাই আমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ৫ আগস্ট বিপ্লবের পর জেল থেকে আমি প্রথম ফোন করেছিলাম চৌদ্দগ্রামে এবং আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম যেন কারো ওপর কোনো প্রতিশোধ নেওয়া না হয়। আমার নেতাকর্মীরা আমার কথা রেখেছেন।”
তিনি আরও বলেন, “আমরা নৈরাজ্য, হত্যা ও লুটের রাজনীতি চাই না। আমরা দেশের শান্তি চাই, শান্তির রাজনীতি চাই।”
দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতি
ডা. তাহের বলেন, “আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি দূর করব। এটা আমাদের কথা নয়, এটা পরীক্ষিত সত্য। অতীতে যখন জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায়নি।”
জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়াসহ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।










