নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলে প্রায় পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষ ব্যাটার হয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সিরিজের শেষ দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কিউই তারকা ড্যারিল মিচেল এক সপ্তাহের মধ্যেই কোহলিকে টপকে শীর্ষে উঠে আসেন।
শেষ দুই ওয়ানডেতে মিচেল যথাক্রমে অপরাজিত ১৩১ ও ১৩৭ রানের ইনিংস খেলেন। দুটোতেই তার স্ট্রাইক রেট ছিল একশর ওপরে। সিরিজে তার মোট সংগ্রহ ৩৪২ রান, যা তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের সর্বোচ্চ। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বকালের সেরার তালিকায় তিনি বাবর আজম (৩৬০) ও শুভমান গিল (৩৬০)-এর পরে তৃতীয় স্থানে আছেন।
সিরিজের শেষ দুই ম্যাচে কোহলি যথাক্রমে ২৩ ও ১২৪ রান করেন। এক সপ্তাহ আগে তিনি রোহিত শর্মাকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন। তবে মিচেলের দুর্দান্ত ধারাবাহিক ইনিংসের কারণে এখন মিচেলের রেটিং পয়েন্ট ৮৪৫, আর কোহলির ৭৯৫।
ওয়ানডের ব্যাটারের র্যাংকিং তালিকায় এটি মিচেলের দ্বিতীয়বার শীর্ষে ওঠা। প্রথমবার গত নভেম্বরে তিনদিন মাত্র এক নম্বরে থাকার পর তিনি রোহিত শর্মার কাছে স্থান হারান। মিচেল ও কোহলির পরে অবস্থান করছেন ইব্রাহিম জাদরান, রোহিত শর্মা ও শুভমান গিল।
এ ছাড়া নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও তৃতীয় ম্যাচে ৮৮ বলে ১০৬ রান করে দারুণ অবদান রাখেন। মিচেলের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৯ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ৪১ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
-এমইউএম










