নারী কর্মীদের হেনস্থা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াতের

রাজধানীর মিরপুরের পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের কর্মসূচি চলাকালীন অবরুদ্ধ ও হামলার ঘটনায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, মিরপুরের আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটক করে। হামলায় অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধরা উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করা ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হেনস্থা এবং জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি করছি।”

তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি দেশের জনগণকে মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধরনের ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

-এমইউএম