জুলাই হত্যার বিচারসহ ৯ দফা দাবি জানাল ছাত্র ফ্রন্ট

জুলাই অভ্যুত্থানে শহীদ ওসমান হাদি, দীপু দাস ও আয়েশাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং শিক্ষার অধিকার রক্ষায় ৯ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ অথবা জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দেওয়া। এছাড়া প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ (ঢাকেবি) অধ্যাদেশ অবিলম্বে জারি করার দাবি জানায় সংগঠনটি।

ছাত্র ফ্রন্টের অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণ ও ইনকোর্স পরীক্ষার বর্ধিত ফি বাতিল, পাবলিক বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহার করা।

বক্তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি, খেলার মাঠ ও সৃজনশীল কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে শিক্ষার বাণিজ্যিকীকরণ, সংকোচন ও সাম্প্রদায়িকীকরণ বন্ধের পাশাপাশি নারী নিপীড়ন ও ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার কর্মীরা উপস্থিত ছিলেন।

মালিহা