পরিবারের মুখে হাসি ফোটানো আর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন নাফিজুল হক শাকিল (২৩)। কিন্তু এক বছরের মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালের ট্রমা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি (বুধবার) পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাকিল। এ সময় হুট করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দরজা খুলে গেলে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি।
নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের ফজলুল হকের বড় ছেলে। তিনি লন্ডন সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি সাইকেলে ফুড ডেলিভারির খণ্ডকালীন কাজ করতেন।
তার এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কানাইঘাটের স্থানীয় বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ মরদেহ দেশে আনার বিষয়ে সার্বিক তদারকি করছেন।
-মালিহা










