যবিপ্রবিতে শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত, তিন বিভাগে তদন্ত কমিটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একজন শিক্ষক ও একজন প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর ১১১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে তিনটি বিভাগে পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন এবং প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান।

সভা সূত্রে জানা গেছে, সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার নাম জালয়াতি করে পোস্ট অফিসের মাধ্যমে তথ্য পাঠানোর সত্যতা পেয়েছে প্রাথমিক তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করার পাশাপাশি তার অর্জিত ছুটিও বাতিল করা হয়েছে। অন্যদিকে, প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। এই দুই ঘটনার অধিকতর তদন্তের জন্য পৃথক দুটি উচ্চতর কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া সভায় ইইই, মার্কেটিং এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব অভিযোগের স্বচ্ছতা নিশ্চিতে একটি শক্তিশালী তদন্ত কমিটি কাজ শুরু করবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মালিহা