১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাদরাসায় সব ধরনের নির্বাচন নিষিদ্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগ পর্যন্ত দেশের সব মাদরাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদসহ যেকোনো ধরনের নির্বাচন আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (১৯ জানুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি স্মারকে এই নির্দেশনা জারি করা হয়। নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক এক অনুরোধের প্রেক্ষিতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে অনুরোধ জানিয়েছে ইসি। এই নির্দেশনার আলোকে মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে সব ধরনের নির্বাচন স্থগিত রাখতে বলা হলো।

এর আগে গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন এক স্মারকে জানিয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক-শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নির্বাচনী কার্যক্রমে সবার মনোযোগ নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।

/মালিহা