দেশের সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসার জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়েছে সরকার। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মাদ্রাসায় সর্বমোট ৭০ দিন ছুটি থাকবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালের ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা ২৫ জুন শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলবে। দাখিল নির্বাচনী পরীক্ষা ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক ও আলিম নির্বাচনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আয়োজনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ছুটির পাশাপাশি মাদ্রাসা পরিচালনায় বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো জাতীয় দিবসে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠান প্রাঙ্গণে বাধ্যতামূলক অনুষ্ঠান আয়োজন করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকলেও বিকল্প উপায়ে পাঠদান সচল রাখতে হবে। সাপ্তাহিক দুই দিন ছুটি থাকায় নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে প্রয়োজনে শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়া যাবে। এছাড়া, সংরক্ষিত ছুটি ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মালিহা










