অভিনেত্রী জয়া আহসান—অভিনয় আর সৌন্দর্যের অনন্য মেলবন্ধনে যিনি নিজেকে বারবার আলাদা করে চেনান। সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশন, বদলেছে ট্রেন্ড; কিন্তু জয়ার নিজস্ব আবেদন বরাবরের মতোই অটুট। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন—প্রতিটি লুকেই তিনি স্বাচ্ছন্দ্য আর আভিজাত্যের ছাপ রাখেন। আর সে কারণেই সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি উপস্থিতি আলাদা করে নজর কাড়ে।
সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে এবং মুহূর্তেই তৈরি হয় আলোচনার ঝড়। কারণ, এসব ছবিতে জয়া ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন এক রূপে—যেখানে আছে ঐতিহ্য, সৌন্দর্য আর সময়ের ছোঁয়া।
ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের সূক্ষ্ম কারুকাজ করা ব্লাউজের সঙ্গে গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে উঠেছেন তিনি। শাড়ির রঙ ও নকশার সঙ্গে মানানসই ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার সাজকে দিয়েছে রাজকীয় আবহ। এই লুকের মাধ্যমে যেন তিনি ফিরে গেছেন এক অন্য সময়ের সৌন্দর্যে—যেখানে আভিজাত্য আর ঐতিহ্য ছিল নারীর অলংকার।
ছবির ব্যাকগ্রাউন্ডেও ছিল বিশেষত্ব। পুরোনো কোনো বাড়ি কিংবা ঐতিহাসিক স্থাপত্যকে পেছনে রেখে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন জয়া। সেই পুরোনো স্থাপনার সঙ্গে তার সাজের মেলবন্ধন ছবিগুলোকে করেছে আরও নান্দনিক। আলো-ছায়ার খেলায় জয়ার অভিব্যক্তি যেন গল্প বলেছে—নীরব, কিন্তু গভীর।
ছবি প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন, সময় যতই বদলাক না কেন, জয়ার আবেদন কখনো মলিন হয় না। আবার অনেকেই বলেছেন, বয়স কেবল একটি সংখ্যা—জয়ার সৌন্দর্য আর অনুভূতির গভীরতা আজও একই রকম। তবে কিছু মন্তব্যে উঠে এসেছে ভিন্ন মতও। কারও কারও মতে, এই ছবিগুলোতে জয়ার বয়সের ছাপ খানিকটা স্পষ্ট। কিন্তু সেই ছাপকেও অনেকেই দেখছেন পরিণত সৌন্দর্যের প্রতীক হিসেবে।
সোশ্যাল মিডিয়ার এই আলোচনার মাঝেই ভক্তদের আরেকটি অপেক্ষাও ঘনিয়ে আসছে। পর্দায় জয়াকে নতুনভাবে দেখার জন্য মুখিয়ে আছেন দুই বাংলার দর্শক। তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় নির্মিত এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে।
ট্রমা, মানসিক দ্বন্দ্ব এবং সামাজিক সংগ্রামের জটিল গল্প নিয়ে এগিয়েছে ‘ওসিডি’। সিনেমাটির বিষয়বস্তু ও জয়ার চরিত্রায়ন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু থেকে শুরু করে সিনেমার পর্দা—এই মুহূর্তে জয়া আহসান যেন দুই বাংলার দর্শকদের আগ্রহের শীর্ষে।
বিথী রানী মণ্ডল/









